কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩: অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এই সামরিক উত্তেজনার মধ্যেই দেশে বাড়তে থাকা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী, মধ্যরাতের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে কিয়েভের স্ভিয়াতোশিনস্কি, সোলোমিয়ানস্কি ও শেভচেনকিভস্কি এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, হামলার পর সোলোমিয়ানস্কি এলাকায় একটি নয়তলা আবাসিক ভবন আংশিক ধসে পড়ে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই এলাকার একটি শিশু হাসপাতালেও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রের আঘাত। এতে হাসপাতালের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং প্রাঙ্গণে থাকা গাড়িতে আগুন ধরে যায়। মেয়র আরও জানান, একটি আবাসিক ভবনে কয়েকজন বাসিন্দা আটকা পড়েছেন এবং সোলোমিয়ানস্কি ও স্ভিয়াতোশিনস্কি জেলার কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আহত ২০ জনের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলা চলার সময় ইউক্রেনের বিমানবাহিনী বাসিন্দাদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎক্ষেপণ করা জিরকন ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করে। মেয়র ভিটালি ক্লিচকো বাসিন্দাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে, এই সামরিক হামলার পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। দেশটির বরখাস্ত হওয়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী নতুন করে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে, যা যুদ্ধকালীন সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সুত্র : আল-জাজিরা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











