মহারাষ্ট্রে ৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি: পুনে কেল্লায় পর্যটকদের ওপর মোরাল পুলিশিং ও মারধর

১৯ আগস্ট ২০২৬ - ১৮:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহারাষ্ট্রে ৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি: পুনে কেল্লায় পর্যটকদের ওপর মোরাল পুলিশিং ও মারধর
ছবি সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ঐতিহাসিক পুনের সিংহগড় কেল্লায় পোশাক কেন্দ্রিক এক মর্মান্তিক মোরাল পুলিশিংয়ের শিকার হয়েছেন একদল পর্যটক। ৮ বছরের এক শিশুকন্যার 'ছোট পোশাক' বা শর্টস পরাকে কেন্দ্র করে নারী ও প্রবীণসহ পুরো পরিবারটিকে প্রায় দুই ঘণ্টা ধরে হেনস্তা ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। গত ১৬ আগস্ট ছুটির দিনে এ ঘটনা ঘটে।

​পুনে পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানান, পর্যটকদের একটি দল কেল্লা পরিদর্শনে গেলে স্থানীয় একটি গোষ্ঠী তাদের ঘেরাও করে। শিশুকন্যাটি কেন শর্টস পরেছে—এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। হামলাকারীরা নিজেদের ঐতিহ্যবাহী ওই কেল্লার 'সংরক্ষণ সমিতি'র সদস্য দাবি করে পর্যটকদের পোশাককে 'অশালীন' আখ্যা দিয়ে চড়াও হয়।

​প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এই তাণ্ডব দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলে। এতে শিশু ও বৃদ্ধদেরও ছাড় দেওয়া হয়নি। ঘটনার জেরে আশপাশের পর্যটকদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে হাভেলি পুলিশ থানায় অভিযোগ দায়েরের পর ৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়েছে এবং পুনে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

​মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজের সময়কালের এসব ঐতিহ্যবাহী কেল্লায় প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। তবে বেশ কিছুদিন ধরেই স্বঘোষিত কিছু স্থানীয় গোষ্ঠী সংরক্ষণ ও পরিচ্ছন্নতার নামে পর্যটকদের পোশাক ও চলাফেরায় নিজেদের মনগড়া নিয়ম চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0