হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প ও ইরানের তীব্র বাকযুদ্ধ, আলোচনায় অচলাবস্থা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ইরানি বন্দোবস্তের বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে, তবে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। একই সঙ্গে তিনি একটি মানচিত্র শেয়ার করে কৌশলগত এই জলসীমাকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে চিত্রিত করেছেন।
তবে ট্রাম্পের এই দাবি ও অবস্থানকে শক্ত ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি এক প্রতিক্রিয়ায় জানান, টুইট বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ দখল করা সম্ভব নয়। তিনি আরও স্পষ্ট করেন যে, গত মার্চ থেকে শুরু হওয়া বৈরিতা অবসানে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) শর্তাবলী ওয়াশিংটন পূর্ণাঙ্গভাবে না মানা পর্যন্ত এই প্রণালী বন্ধই থাকবে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন প্রশাসন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে পিছনের দরজায় আলোচনা চালাচ্ছে, যা তেহরান তাৎক্ষণিকভাবে অস্বীকার করে। অন্যদিকে, হরমুজ প্রণালী সংলগ্ন দুই দেশ ইরান ও ওমানের মধ্যে সমুদ্রপথ ব্যবস্থাপনার জন্য আলোচনা চলমান রয়েছে। ট্রাম্প ওমানকে এ বিষয়ে হস্তক্ষেপ না করার হুমকি দিয়ে প্রয়োজনে বোমা হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন। এসবের মাঝেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প নিশ্চিত করেন যে, ইরানের সঙ্গে কোনো প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না।
বর্তমানে হরমুজ প্রণালী এবং মার্কিন নৌ অবরোধ কেন্দ্র করে দু'দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা দিন দিন ঘনীভূত হচ্ছে।
সুত্র : আল-জাজিরা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











