ফিলিপাইনে স্কুলে গুলিবর্ষণে হামলাকারীসহ ২ শিক্ষার্থী নিহত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জামবোয়াঙ্গা শহরের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের একজন খোদ হামলাকারী শিক্ষার্থী। দেশটির পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গত দুই মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এটি দ্বিতীয় কোনো স্কুলে গুলিবর্ষণের ঘটনা।
পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি 'আতেনিও দে জামবোয়াঙ্গা ইউনিভার্সিটি' সংলগ্ন স্কুলে এই হামলার ঘটনা ঘটে। ৯ম শ্রেণির এক শিক্ষার্থী পিস্তল ও রাইফেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং শ্রেণিকক্ষে ঢুকে অন্য শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এতে তার চেয়ে এক ক্লাস সিনিয়র এক ছাত্র নিহত হয়। পরবর্তীতে হামলাকারী শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল জানিয়েছেন, বর্তমানে কোনো সক্রিয় হামলার ঘটনা ঘটছে না এবং নতুন করে কেউ হতাহত বা আহত হননি। তিনি বলেন, "আমরা এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। সকল শিক্ষার্থীর নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই।"
সংবাদ মাধ্যম এএনসি-র প্রকাশিত ফুটেজে দেখা যায়, স্কুলের প্রধান ফটকের বাইরে উদ্বেগগ্রস্ত অভিভাবক ও শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন। নিরাপত্তা জোরদারে সেখানে সশস্ত্র পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধ তদন্তকারী দলের সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, গত জুনে ট্যাকলোবান সিটির একটি সরকারি স্কুলে দুই শিক্ষার্থীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়। যদিও কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও মানসিক সুস্থতা যাচাইয়ের নিয়ম থাকার কারণে ফিলিপাইনে এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না, তবে দেশটিতে অবৈধ অস্ত্রের ব্যবহার এখনও অন্যতম উদ্বেগের কারণ।
সুত্র : রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











