স্বাস্থ্যখাতে আইনি সুরক্ষা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
স্বাস্থ্য খাতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ তৈরির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইনটির খসড়া প্রস্তুত ও প্রয়োজনীয় সুপারিশ তৈরির দায়িত্বে থাকবে এই কমিটি।
কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল)। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শাখার সংশ্লিষ্ট যুগ্মসচিবদের। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন প্রতিনিধি কমিটিতে থাকবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১)।
গত ৮ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে স্বাস্থ্য সুরক্ষা আইনের একটি পূর্ণাঙ্গ খসড়া প্রণয়ন করতে হবে। প্রয়োজন হলে তারা অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত গ্রহণ করতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২০ কর্মদিবসের মধ্যে আইনের খসড়া চূড়ান্ত করে স্বাস্থ্য সেবা বিভাগের কাছে জমা দিতে হবে।
স্বাস্থ্য খাতসংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত আইন কার্যকর হলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের অধিকার ও নিরাপত্তা আরও সুসংহত হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় একটি শক্তিশালী ও সমন্বিত আইনি কাঠামো গড়ে ওঠার পথ সুগম হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)