দেশে হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৭০
দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানা গেছে।
বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ৬ জন শিশু হামের উপসর্গে মারা গেছে। এছাড়া চট্টগ্রাম ও রংপুর বিভাগে ২ জন করে এবং সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।
সংক্রমণ ও মোট প্রাণহানি
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১০১ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৯৭৫ জনের।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের প্রাথমিক উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। গত একদিনে ল্যাব পরীক্ষায় ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যার মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











