পুষ্পা-২’-এ আল্লু অর্জুনের সঙ্গে বিজয়ের অভিনয়ের তুলনা করলেন রাশমিকা
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণি তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘রাণাবালি’। চলচ্চিত্রে বিজয়ের দুর্দান্ত অভিনয় ও চরিত্রের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার প্রসঙ্গ টেনেছেন রাশমিকা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাশমিকা জানান, ‘রাণাবালি’ চরিত্রে অভিনয় করার সময় বিজয় সম্পূর্ণ ভিন্ন এক মানুষে রূপ নিয়েছিলেন। শুটিং চলাকালে চরিত্রের সঙ্গে বিজয়ের এই আত্মস্থকরণ দেখে তাজ্জব বনে গিয়েছিলেন তিনি। রাশমিকার ভাষ্য অনুযায়ী, সেটে ক্যামেরার পেছনে কথা বলার সময়ও তার মনে হতো সামনে বিজয়ের জায়গায় মূল চরিত্র ‘রাণাবালি’ই দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তগুলোতে বিজয়ের স্বাভাবিক সত্তাকে খুঁজে পেতে তাকে বেশ লড়াই করতে হতো।
বিজয়ের এই গভীর অভিনয়নৈপুণ্যের তুলনা করতে গিয়ে রাশমিকা উল্লেখ করেন ব্লকব্লাস্টার ‘পুষ্পা-২’ চলচ্চিত্রের কথা। তিনি বলেন, “পুষ্পা-২ সিনেমাটির শুটিংয়ের সময়ও বান্নি স্যারের (আল্লু অর্জুন) ক্ষেত্রে ঠিক একই অভিজ্ঞতা হয়েছিল। ব্যক্তি আল্লু অর্জুন আর পর্দায় 'পুষ্পা' চরিত্রে তার রূপান্তর—দুটি একদমই আলাদা। এবার বিজয়ের মধ্যেও ঠিক একই পরিবর্তন প্রত্যক্ষ করেছি। বাড়িতে ব্যক্তিগতভাবে তাকে একভাবে দেখলেও শুটিং সেটে সে সম্পূর্ণ নতুন একজন। পেশাদার অভিনয়শিল্পীরা এই অনুভূতি সহজে অনুধাবন করতে পারবেন।”
উল্লেখ্য, পূর্বে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্রে বিজয়ের সঙ্গে পর্দা ভাগ করলেও ‘রাণাবালি’র অভিজ্ঞতাকে সম্পূর্ণ অনন্য বলে দাবি করেন রাশমিকা।
১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ঐতিহাসিক 'মহামাদ্রাজ দুর্ভিক্ষ'-এর পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমা ‘রাণাবালি’। ছবির গল্পে রায়লসীমার পাহাড়ি এলাকার এক কিংবদন্তি যোদ্ধা ‘সিঙ্গানামালা বব্বিলি রাণাবালি’র জীবনসংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের সাধারণ জীবন যখন ঔপনিবেশিক শাসক স্যার থিওডোর হেক্টরের অত্যাচার ও লোভে বিপন্ন হয়ে পড়ে, তখন নিজের সম্প্রদায় ও স্বাধীনতাবোধ টিকিয়ে রাখতে স্ত্রী জয়াম্মাকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ায় রাণাবালি। চলচ্চিত্রে বিজয় ও রাশমিকার পাশাপাশি হলিউডের ‘দ্য মমি’ খ্যাত অভিনেতা আর্নল্ড ভসলো গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











