কাজের অভাবে আর্থিক সংকটে বর্ষীয়ান অভিনেত্রী অনিতা কানওয়াল, খুঁজছেন নতুন চরিত্র

১৯ অক্টোবর ২০২৬ - ১৬:১২
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কাজের অভাবে আর্থিক সংকটে বর্ষীয়ান অভিনেত্রী অনিতা কানওয়াল, খুঁজছেন নতুন চরিত্র
ছবি সংগৃহীত

ভারতের তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ অভিনেত্রী অনিতা কানওয়াল বর্তমানে চরম পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ‘চাণক্য’, ‘বনেগি আপনি বাত’ এবং ‘সসুরাল গেন্দা ফুল’-এর মতো দর্শকপ্রিয় টিভি ধারাবাহিকের পাশাপাশি ‘কাভি হাঁ কাভি না’ ও ‘লাওয়ারিস’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে বর্তমান ইন্ডাস্ট্রির বদলানো ট্রেন্ডের কারণে দীর্ঘ ক্যারিয়ারের পরও এখন কাজের সংকটে ভুগছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্যমতে, বর্তমান পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী এক বছরের মধ্যেই তাঁর সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাবে। তাই জরুরি ভিত্তিতে ক্যামেরার সামনে ফেরার জন্য কাজ খুঁজছেন তিনি।

​সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান দুরবস্থার কথা অকপটে তুলে ধরেন অনিতা। তিনি জানান, নব্বইয়ের দশকে ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে কখনোই অডিশন দিয়ে কাজ জোগাড় করতে হয়নি; বরং তাঁর অভিনয়দক্ষতার ওপর ভর করেই নির্মাতারা কাজের প্রস্তাব নিয়ে আসতেন। কিন্তু বর্তমানের কাস্টিং প্রক্রিয়া পুরোপুরি পাল্টে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘কেউ আমার পরিচয় জানতে চাইলে সমস্যা নেই, কিন্তু এত কাজ করার পরও যখন জানতে চায় আমি আগে কী করেছি, তখন বিষয়টি বেশ অদ্ভুত ঠেকে। আমি প্রায় অর্ধশত নাটকে অভিনয় করেছি, অথচ এখনো আমাকে ২১ বছরের তরুণীর চরিত্রের জন্য প্রস্তাব পাঠানো হয়। কারণ কাস্টিং টিম জানেই না কার সঙ্গে যোগাযোগ করছে।’

​বর্তমান শোবিজ ইন্ডাস্ট্রিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং রিলস তৈরির প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে অনিতা জানান, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে তিনি এখন নিয়মিত পোস্ট করছেন। তবে শুধু সোশ্যাল মিডিয়া বা রিলস বানিয়ে কোনো পেশাদার অভিনেতার জীবন চলতে পারে না বলে মনে করেন তিনি। অভিনয় তাঁর মূল পেশা এবং তিনি এই পেশার মাধ্যমেই উপার্জন করতে চান। নিজের আর্থিক স্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘আমার জীবিকা নির্বাহের জন্য আয় দরকার। আগামী ১০-১২ বছর বেঁচে থাকলে কীভাবে চলব? আমার একমাত্র সম্বল নিজের একটি বাড়ি। এক বছরের মধ্যে সব সঞ্চয় ফুরিয়ে যাবে, আর সে কারণেই আমার কাজ অত্যন্ত প্রয়োজন।’

​সন্তানরা আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলেও তাদের ওপর নির্ভর করতে নারাজ অনিতা। এ বিষয়ে তিনি স্পষ্ট জানান, সন্তানেরা টাকা দিতে চাইলেও তিনি তা নিতে চান না, বরং তাদের কিছু দিতে পারলেই তিনি স্বস্তি পাবেন। ১৯৯১ সালে ‘চাণক্য’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পথচলা শুরু করা অনিতা ১৯৯৫ সালে ‘বনেগি আপনি বাত’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক খ্যাতি পান। এরপর দীর্ঘ পথপরিক্রমায় টিভি ও বড়পর্দায় বহু স্মরণীয় চরিত্রে কাজ করেছেন তিনি। ২০২১ সালের অ্যান্থলজি ছবি ‘আজিব দাস্তানস’ এবং ২০২৪ সালের সিরিজ ‘রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি’-তেও কাজ করেছেন এই প্রবীণ অভিনেত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0