অনুমতি ছাড়া নির্মাণকাজ: অজয়-কাজলের মুম্বাই বাংলোর একাংশ ভাঙল বিএমসি
বলিউড অভিনেতা অজয় দেবগন ও জনপ্রিয় অভিনেত্রী কাজলের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বাংলোর একটি অংশ গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে অবৈধ নির্মাণকাজ পরিচালনার অভিযোগে গত কিছুদিন আগে একটি কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। এর পরপরই এই কঠোর পদক্ষেপ নিল স্থানীয় পৌর সংস্থা।
জানা গেছে, এই বাংলোটিতে একটি সেলুন ও স্পা খোলার পরিকল্পনা করেছিলেন তারকারা। তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে স্থানীয় আবাসন সমিতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের জুহু এলাকার কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত বাংলোটির মোট আয়তন ৭ হাজার ৮০২ বর্গফুট।
পৌর সংস্থা বিএমসির সুনির্দিষ্ট অভিযোগ, ভবনটির ভেতরে কোনো ধরনের আইনি পৌর অনুমতি ছাড়াই কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছিল। এর মধ্যে ছিল নতুন পার্টিশন দেয়াল নির্মাণ ও জানালায় রূপান্তর করার মতো নানা কাজ।
এর আগে হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন আইনের ৩৫৪এ ধারার অধীনে কাজ বন্ধ করার নোটিশ পাঠায় বিএমসি। ওই নোটিশে দ্রুত নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি সেলুন ও স্পা চালুর পক্ষে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে যে, পৌর কর্তৃপক্ষের নোটিশকে তোয়াক্কা না করেই নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পক্ষ থেকে পুনরায় অভিযোগ দায়ের করা হলে এই ভাঙার অভিযান পরিচালনা করা হয়।
মূলত আবাসিক এই বাংলোটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার পরিকল্পনায় আপত্তি তুলেছিলেন সোসাইটির বাসিন্দারা। তাদের আশঙ্কা ছিল, এলাকায় সেলুন ও স্পা চালু হলে সেখানে মানুষের আনাগোনা বহুগুণ বেড়ে যাবে। এর ফলে আবাসিক এলাকায় পার্কিং সংকট, নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং শব্দদূষণের মতো নানামুখী জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে সোসাইটির ভেতরের সংকীর্ণ রাস্তায় অতিরিক্ত যানবাহন চলাচল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে পেশাগত জীবনে অজয় দেবগনের হাতে বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে। এর মধ্যে রোহিত শেঠির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'গোলমাল ৫', 'রেঞ্জার' এবং 'চৌহান' সিনেমাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত 'দৃশ্যম ৩' সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। বিভিন্ন প্রকাশিত হিসাব অনুযায়ী, মুক্তির মাত্র ১৬ দিনেই ভারতে সিনেমাটির নেট আয় ৩৩৬ কোটি ৫৫ লাখ রুপি ছাড়িয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











