চার বছর পর ছোট পর্দায় ফেরা নিয়ে যা বললেন রশমি দেশাই
টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী রশমি দেশাই দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরে এসেছেন। স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের হাত ধরে তার এই প্রত্যাবর্তন হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি চার বছর অভিনয় থেকে দূরে থাকার কারণ, নিজের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার নিয়ে করা নানা নেতিবাচক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
বিনোদনভিত্তিক গণমাধ্যম ‘স্ক্রিন’-এর সঙ্গে আলাপকালে রশমি জানান, তিনি টানা তিন থেকে চার বছর নিয়মিত কাজ থেকে বিরতিতে ছিলেন। এই সময়ে তিনি একটি গুজরাটি চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এর ‘হিসাব বরাবর’ সিনেমায় কাজ করলেও অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলেছেন।
তার ভাষ্যমতে, ওই সময়টাতে টেলিভিশনের বেশ কিছু কাজের প্রস্তাব এলেও সেগুলোর সঙ্গে নিজের ভাবনা মেলাতে পারেননি এবং হয়তো কাজের জন্যও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। বিরতির এই সময়টাতে তিনি সম্পূর্ণ মনোযোগ দেন নিজের অভিনয় দক্ষতা শাণিত করার ওপর। নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে তিনি বিভিন্ন কর্মশালায় অংশ নেন এবং মূল্যায়নের মধ্য দিয়ে যান।
টেলিভিশন ধারাবাহিকে কাজের দীর্ঘ অভিজ্ঞতাকে অত্যন্ত শিক্ষণীয় উল্লেখ করে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও নেতিবাচক মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, গত সাড়ে তিন মাস ধরে তিনি সোশ্যাল মিডিয়ার কমেন্টস পড়া থেকে বিরত রয়েছেন। তার মতে, অনেক সময় অর্থ খরচ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রল করা হয়। অনলাইন হয়রানির একটি নির্দিষ্ট সীমা থাকা দরকার বলে মন্তব্য করে তিনি বলেন, এই ধরনের মানসিক হেনস্তা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে, যা কখনো কখনো আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য করে।
নারী শিল্পী হিসেবে বিভিন্ন সময়ে অবমূল্যায়নের শিকার হওয়ার কথা জানিয়ে রশমি বলেন, অভিনয়শিল্পে নারীদের শুধুমাত্র গ্ল্যামার বা রূপ প্রদর্শনের উপাদান হিসেবে বিবেচনা করার মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। তাদের কাজের মুন্সিয়ানা এবং অভিনয় দক্ষতার যথাযথ মূল্যায়নের ওপর তিনি জোর দেন।
নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে রশমি জানান, একজন অভিনেত্রী হিসেবে দর্শকদের দেওয়ার মতো তাঁর আরও অনেক কিছু আছে, তবে নিজের প্রতিভা পুরোপুরি মেলে ধরার মতো যথাযথ সুযোগ বা প্ল্যাটফর্ম তিনি এখনো পাননি। অনেকে তাকে কেবল ‘টেলিভিশন অভিনেত্রী’ হিসেবে সীমিত রাখতে চাইলেও এই মাধ্যমটিকে ছোট করে দেখার অবকাশ নেই বলে মনে করেন তিনি। তার মতে, টেলিভিশনের বিশাল দর্শকশ্রেণি এবং মানুষের কাছে পৌঁছানোর যে ক্ষমতা রয়েছে, তা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে অনেক বেশি জোরালো।
ক্যারিয়ারের শুরুর দিকে নানা কটূক্তির সম্মুখীন হওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, বহুবার তাকে শুনতে হয়েছে যে তার মুখ টেলিভিশনে অতিরিক্ত দেখা হয়ে গেছে এবং তার অভিনয় জীবন প্রায় শেষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











