আবাহনীতেই থাকছেন মোরসালিন ও মিতুল, পুরোনোদের নিয়েই নতুন মৌসুমের পরিকল্পনা
ফিফার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই নতুন ফুটবল মৌসুমের প্রস্তুতি শুরু করেছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। সোলেমান দিয়াবাতে, সুশান্ত ত্রিপুরা এবং আলমগীর মোল্লাদের মতো শীর্ষ খেলোয়াড়রা ক্লাব ছাড়ায় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আকাশি-নীল জার্সিতেই থেকে যাচ্ছেন জাতীয় দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন এবং গোলরক্ষক মিতুল মারমা।
মিতুল ও মোরসালিন ছাড়াও আল আমিন এবং মিরাজুল ইসলামসহ গত মৌসুমের প্রায় ১৭ জন ফুটবলারকে রেখে দিচ্ছে ক্লাবটি। নতুন মৌসুমে প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব শক্তিশালী দল গড়লেও এবং বসুন্ধরা কিংস থেকে একগুচ্ছ ফুটবলার দলে ভেড়ালেও আবাহনীর মূল স্কোয়াডে তারা থাবা বসাতে পারেনি। চারজন খেলোয়াড় চলে যাওয়ার পর বাকিদের ধরে রাখাটাই ছিল আবাহনীর বড় চ্যালেঞ্জ, যা তারা সফলভাবেই সমাধান করছে।
ব্যবস্থাপনায় রদবদল ও আর্থিক সীমাবদ্ধতা
দল পুনর্গঠনের পাশাপাশি পরিচালনায়ও পরিবর্তন এনেছে ক্লাব কর্তৃপক্ষ। সাবেক ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শহীদ হোসেন স্বপনকে। এছাড়া প্রধান কোচের পদে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে এ কে এম মারুফুল হককে।
সীমাবদ্ধতার কথা স্বীকার করে নতুন ম্যানেজার শহীদ হোসেন স্বপন জানান, ক্লাব বর্তমানে নানা চ্যালেঞ্জ ও আর্থিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। ফিফার জরিমানা মেটাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ায় এই মুহূর্তে উন্নত মানের বিদেশি খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ নেই বললেই চলে। তবে সাধ্যের মধ্যে সেরা দল গঠনের চেষ্টা চলছে। গত মৌসুমের অধিকাংশ স্থানীয় খেলোয়াড় রেখে দেওয়া গেছে এবং তাদের নিয়েই মূল পরিকল্পনা সাজানো হচ্ছে।
দেশি নির্ভরতার মুখে আবাহনী
গত আসরে দলের প্রধান গোলদাতা সোলেমান দিয়াবাতে ইতোমধ্যে তাঁর পুরোনো ক্লাব মোহামেডানে যোগ দিয়েছেন। তবে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিমকে ঘিরে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ বসুন্ধরা কিংস তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে। সময় ও অর্থসংকটের কারণে এবার বিদেশি ফুটবলার নিবন্ধনের সম্ভাবনা অত্যন্ত কম থাকায় স্থানীয় খেলোয়ারদের ওপরই বেশি ভরসা করতে হচ্ছে ক্লাবটিকে। ২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ লিগ শিরোপা এবং ২০২১-২২ মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জেতার পর থেকে দীর্ঘ দিন ধরে ট্রফি খরায় ভুগছে দেশের ঐতিহ্যবাহী এই ফুটবল শক্তি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











