শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্বাগতিক পাকিস্তান

১৯ আগস্ট ২০২৬ - ২০:৪৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্বাগতিক পাকিস্তান
ছবি সংগৃহীত

চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের টানা ব্যস্ত সূচি পার করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সময়ে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে আতিথ্য দেবে তারা। প্রায় দেড় মাসব্যাপী এই আয়োজনে দুই দেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও আয়োজিত হবে তিন জাতির একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজ।

​পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ অক্টোবর থেকে শুরু হয়ে এই ব্যস্ত আন্তর্জাতিক সূচি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সূচি অনুযায়ী, প্রথমে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কার ক্রিকেট দল। ৪ অক্টোবর লাহোরে পৌঁছানোর পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে লঙ্কানরা। আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

​টি-টোয়েন্টি সিরিজ শেষে এই আয়োজনে যুক্ত হবে ইংল্যান্ড দল। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানকে নিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে এই টুর্নামেন্টের ম্যাচগুলো খেলা হবে।

​১৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ২২ অক্টোবর লড়বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো স্থানান্তরিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৫ অক্টোবর পাকিস্তান লড়বে ইংল্যান্ডের বিরুদ্ধে, ২৭ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা এবং ২৯ অক্টোবর শেষ লিগ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

​লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে থাকা দুটি দল আগামী ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

​ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শেষ হলেও শ্রীলঙ্কার পাকিস্তান সফর শেষ হচ্ছে না। পাকিস্তানে অবস্থান করেই ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে একটি তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে শ্রীলঙ্কা। এই প্রস্তুতি ম্যাচের পর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0