মাঠে বারবার অসুস্থ হওয়ার কারণ জানালেন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা

১৯ আগস্ট ২০২৬ - ১৬:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাঠে বারবার অসুস্থ হওয়ার কারণ জানালেন বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা
ছবি সংগৃহীত

মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গড়িয়ে পড়া—মাত্র তিন দিনের ব্যবধানে এমন ঘটনার মুখোমুখি হয়ে উদ্বেগ বাড়িয়েছিলেন জার্মান ফুটবল তারকা জামাল মুসিয়ালা। তবে বায়ার্ন মিউনিখের ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার নিজের শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলে ভক্তদের দুশ্চিন্তা দূর করেছেন।

​মুসিয়ালা জানান, তিনি এক ধরণের স্নায়বিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরীক্ষায় তার শরীরে 'অ্যাবসেন্স সেজার' বা সাময়িক চেতনা হারানোর উপসর্গ ধরা পড়েছে। তবে সমস্যাটি নিরাময়যোগ্য বলে তিনি ভক্ত ও ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করেছেন।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচের শেষভাগে বদলি হিসেবে নামার পরপরই হঠাৎ লুটিয়ে পড়েন এবং কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে মাঠ ত্যাগ করেন তিনি। এর আগে গত শনিবার লাইপজিগের বিপক্ষে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে খেলার সময়ও একইভাবে মাঠে গড়িয়ে পড়েছিলেন এই বায়ার্ন তারকা।

​ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করে মুসিয়ালা লেখেন, এই স্নায়বিক জটিলতার কারণেই মূলত সাময়িকভাবে চেতনা হারানোর মতো ঘটনা ঘটেছে। তবে এটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ সঠিক চিকিৎসার মাধ্যমে এটি সহজেই সারিয়ে তোলা সম্ভব। ভক্তদের চিন্তিত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, বাইরে থেকে দেখতে বিষয়টি ভীতিকর মনে হলেও এটি এখন তার কাছে খুব সাধারণ বিষয়। দ্রুত সুস্থ হয়ে ওঠবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্লও ম্যাচ শেষে নিশ্চিত করেছিলেন যে ক্লাবের কাছে বিষয়টি পরিষ্কার রয়েছে। উল্লেখ্য, গোড়ালির জটিল চোটের কারণে গত মৌসুমের প্রথম ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল মুসিয়ালাকে। পরবর্তীতে মাঠে ফিরে দারুণ নৈপুণ্য দেখান তিনি এবং জার্মানির হয়ে ২০২৬ বিশ্বকাপেও অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0