মাঠে মারামারি ও রেফারিকে ধাক্কা: ফিফার কঠোর শাস্তির মুখে বাংলাদেশের আল আমিন
মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে অনাকাঙ্ক্ষিত হাতাহাতি এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র কঠোর শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিন এবং দলীয় সদস্য মিরাজুল ইসলাম। ফিফা আল আমিনকে আন্তর্জাতিক ফুটবলে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। একইসঙ্গে আগের আর্থিক জরিমানার পাশাপাশি মিরাজুলকেও নতুন করে শাস্তির আওতায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
গত জুনে মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে’ অংশ নেয় বাংলাদেশ অলিম্পিক দল। ৭ জুন রাতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচের অতিরিক্ত সময়ে পিয়াস আহমেদের সঙ্গে ফাউলের সূত্র ধরে মালদ্বীপকে ফ্রি-কিক দিলে সাইড বেঞ্চ থেকে প্রতিবাদ করায় মিরাজুল ইসলামকে লাল কার্ড দেখান রেফারি। এর পরপরই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হওয়ায় লাল কার্ড পান ফরোয়ার্ড আল-আমিন। কার্ড দেখার পর ক্ষুব্ধ হয়ে আল-আমিন রেফারিকে ধাক্কা দেন।
পরবর্তীতে মাঠের ভেতরে বাংলাদেশের মনজুরুর রহমান ও মালদ্বীপের ইব্রাহিম নাসিরের বাদানুবাদ থেকে দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় হাতাহাতির এই প্রভাব গ্যালারিতেও ছড়িয়ে পড়েছিল, যা পরে দুই দলের কোচিং স্টাফ ও কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয়। বিতর্ক ও উত্তেজনায় ঘেরা ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। এর আগে প্রথম দফায় ফিফা মিরাজুলকে আর্থিক জরিমানা করলেও পরবর্তীতে ভিডিও ফুটেজ ও রেফারি রিপোর্ট পর্যালোচনা করে আল আমিনকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা এবং মিরাজুলকে অতিরিক্ত শাস্তির সিদ্ধান্ত জানায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











