তৃণমূলের প্রতিভাবানদের বিকেএসপিতে পড়া ও খেলার খরচ দেবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি ও তাদের পড়াশোনা এবং খেলার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়েরা সুযোগের অভাবে যাতে হারিয়ে না যায়, সে জন্য সরকারের তরফ থেকে তাদের প্রতিভা বিকাশের ব্যবস্থা করা হবে। এই উদ্দেশ্যে সাভারের প্রধান বিকেএসপির পাশাপাশি বিভাগীয় বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধ গঠনে খেলাধুলার ওপর জোর দিয়ে তিনি জানান, ভবিষ্যতে প্রথম শ্রেণি থেকেই খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গণিত বা হিসাববিজ্ঞানের মতো বিষয়গুলো খেলার ছলে শেখানো গেলে শিশুদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং তারা ক্ষতিকর প্রযুক্তি ও মাদকের আসক্তি থেকে দূরে থাকবে।
দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতে ‘কান্ট্রি গেমস’ বিষয়ক একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে দেশের ৩০০ জন সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
প্রতিবন্ধী শিশুদের খেলাধুলার মূলধারায় আনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, তাদের কল্যাণে বগুড়ায় ‘আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাফল্য অর্জনকারী বিশেষ ক্রীড়াবিদদের সরকারি ভাতার আওতায় আনা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











