হাত মেলাতে অনীহা: নেইমার-মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব ঘিরে ফের সরগরম ফুটবল অঙ্গন

১৭ আগস্ট ২০২৬ - ১৩:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হাত মেলাতে অনীহা: নেইমার-মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব ঘিরে ফের সরগরম ফুটবল অঙ্গন
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলে আবারও আলোচনায় এসেছে তারকা ফরোয়ার্ড নেইমার ও ভাস্কো দা গামার মিডফিল্ডার থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরোনো শত্রুতা। রোববার সাও জানুয়ারিওতে ভাস্কো ও সান্তোসের মধ্যকার ম্যাচ শুরুর আগে হ্যান্ডশেক প্রথা চলাকালে নেইমার সৌজন্যতার হাত বাড়ালেও তা উপেক্ষা করে চলে যান মেন্দেস। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।

​অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের অফিসিয়াল পেজ থেকে একটি দুঃখের ইমোজি পোস্ট করা হয়। পাশাপাশি মাঠে স্বাগতিক ভাস্কোর সমর্থকরা নেইমারের কান্নার মাস্ক বিতরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও। তিনি তারকা ফুটবলার রোনালদিনহোর একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে মেন্দেসকে খোঁচা দেন। যেখানে বলা হয়েছিল—প্রকৃত সুপারস্টাররা সবসময় বিনয়ী হন, আর সাধারণ মানের খেলোয়াড়দের মধ্যেই অহংকারী আচরণ দেখা যায়।

​উল্লেখ্য, এই দুই ফুটবলারের তিক্ততার সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে। সে সময় পিএসজিতে থাকা নেইমারকে গুরুতর ফাউল করে লাল কার্ড পেয়েছিলেন তৎকালীন লিওঁ মিডফিল্ডার মেন্দেস। ঐ ঘটনায় পরবর্তীতে ক্ষমা চাইলেও তাদের দ্বন্দ্বে ইতি পড়েনি। চলতি বছরে দুজনে ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর এক ম্যাচে মেন্দেসের ফাউল ও মুখে হাত দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাদানুবাদ হয় এবং উভয়কে হলুদ কার্ড দেখতে হয়। হাফটাইমে টানেলের ভেতরেও তাদের বাকবিতণ্ডা চলে, যার পর গণমাধ্যমের সামনে মেন্দেসের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেইমার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0