প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে জাতীয় হকি দলের কষ্টার্জিত জয়
আসন্ন এশিয়ান গেমস ও জুনিয়র এশিয়ান কাপকে সামনে রেখে বর্তমানে অনুশীলনে রয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল এবং অনূর্ধ্ব-২০ যুব দল। দুই দলের মাঠের প্রস্তুতি ঝালিয়ে নিতে বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে নিয়মিত প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
চতুর্থ এই প্রস্তুতি ম্যাচে জয়ের ধারা বজায় রাখলেও যুব দলের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে জাতীয় দল। শেষ পর্যন্ত ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাতীয় দল। বর্তমানে জাতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন পিটার গেরহার্ড এবং যুব দলের দায়িত্বে আছেন জাইলস বোনেট।
ম্যাচ শেষে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জাইলস বোনেট দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে জানান, খেলোয়াড়রা মাঠে নিজেদের দায়িত্ব বুঝতে পারছে এবং কাউন্টার-অ্যাটাকগুলোও চমৎকার ছিল। ম্যাচের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, জাতীয় দলের চেয়ে তাঁর দলের সার্কেল এন্ট্রি বেশি ছিল এবং পোস্টে শট নেওয়ার সংখ্যাও ছিল সমান। তবে এসব সুযোগ কাজে লাগিয়ে আরও গোল করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
কোচ জাইলস পেনাল্টি কর্নার আদায়ে দক্ষতা বাড়ানো এবং সার্কেল ফিনিশিংয়ে জোর দেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে বলের নিয়ন্ত্রণ হারানো এবং নিজেদের ডি-বক্সের সামনে প্রতিপক্ষকে শট নেওয়ার সুযোগ দেওয়ার মতো ভুলগুলো দ্রুত শুধরে নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তবে দলের বর্তমান কাঠামো এবং প্রতিযোগিতামূলক মনোভাব তাকে আশাবাদী করে তুলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামেই পঞ্চম প্রস্তুতি ম্যাচে আবার মুখোমুখি হবে এই দুই দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











