নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের জোরালো প্রতিশ্রুতি দিলেন রিয়াল তারকা এমবাপ্পে
টানা দুই মৌসুম শিরোপাশূন্য থাকার হতাশা পেছনে ফেলে নতুন মৌসুমে ট্রফির মঞ্চে ফিরতে মরিয়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ সমর্থক তথা ‘মাদ্রিদস্তাদের’ বড় প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। দলের জয়ের ক্ষুধা ও সঠিক মানসিকতাই এবার রিয়ালকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে বলে দৃঢ় বিশ্বাস এই ফ্রেঞ্চ তারকার।
লা লিগার নতুন মৌসুমে ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে লস ব্লাঙ্কোসরা। নতুন মৌসুমের সূচনাকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক-মৌসুম প্রস্তুতি, দলের লক্ষ্য এবং অভিজ্ঞ কোচ হোসে মরিনিয়োকে নিয়ে নিজের ভাবনার কথা জানান এমবাপ্পে।
নিজের শারীরিক প্রস্তুতি নিয়ে কিলিয়ান এমবাপ্পে জানান, লিগের প্রথম ম্যাচের জন্য সেরা শক্তিতে প্রস্তুত থাকতেই প্রাক-মৌসুমে তিনি কঠোর পরিশ্রম করছেন। এছাড়া নতুন কোচ হোসে মরিনিয়োর প্রশংসা করে তিনি বলেন, মরিনিয়োর মতো একজন সফল ও অভিজ্ঞ কোচের উপস্থিতি দলের জন্য অত্যন্ত ইতিবাচক। শিরোপা জয়ের সঠিক পথ মরিনিয়োর খুব ভালোভাবেই জানা আছে।
গত দুই বছরের ট্রফিখরা কাটিয়ে এবার ক্লাবের প্রধান লক্ষ্য যে শিরোপা পুনরুদ্ধার, তা পরিষ্কার জানিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। তিনি বলেন, দলে জয়ের জন্য যে তীব্র ব্যাকুলতা তৈরি হয়েছে, তা তাদের আবার ট্রফি জেতাতে বাধ্য করবে। সমর্থকদের আনন্দ দেওয়া ও শিরোপা অর্জন করা ছাড়া অন্য কোনো বিকল্প তাদের সামনে নেই।
উল্লেখ্য, দুই বছর আগে এই দিনেই রিয়াল মাদ্রিদের জার্সিতে আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে নিজের প্রথম গোলটি করেছিলেন এমবাপ্পে। সেই বিশেষ স্মৃতি স্মরণ করে তিনি জানান, রিয়ালে খেলার সুযোগ পাওয়া তার শৈশবের স্বপ্ন ছিল এবং প্রতিদিন তিনি এই ক্লাবে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। একইসঙ্গে কঠিন সময়েও পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











