জিকো-ফাহিমদের নিয়ে নতুন মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্য মোহামেডানের
বাদ্যবাজনা ও ঘোড়ার গাড়িতে চড়ে উল্লাসমুখর পরিবেশে নতুন ফুটবল মৌসুমের দলবদল সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাবেক ও বর্তমান ফুটবলারদের প্রাণবন্ত উপস্থিতিতে মতিঝিল প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ২০২৬-২৭ ফুটবল মৌসুমকে সামনে রেখে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৩৩ জন ফুটবলারের নাম নিবন্ধন করিয়েছে সাদা-কালো শিবির। অন্য বড় ক্লাবগুলো দল গঠনে কিছুটা পিছিয়ে থাকলেও মোহামেডান শক্ত ভিত্তি নিয়ে নতুন মৌসুম শুরুর বার্তা দিয়েছে।
ক্লাব চত্বরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ক্লাব সভাপতি মো. বরকত উল্লাহ বুলু (এমপি), পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়া এবং ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামালসহ নবাগত খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ সময় দলটির কর্মকর্তা ও ফুটবলাররা আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের সব কটি শিরোপা অর্থাৎ 'ট্রেবল' জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন মৌসুমে শক্তিশালী দল গড়তে বসুন্ধরা কিংস থেকে আটজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে মোহামেডান। তাদের মধ্যে অন্যতম তারকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। চুক্তি স্বাক্ষরের পর অনুভূতি প্রকাশ করে জিকো জানান, অনেক আগে থেকেই ঐতিহ্যের এই ক্লাবে খেলার ইচ্ছা ছিল। সবাই মাঠে একতাবদ্ধ হয়ে পারফর্ম করলে ক্লাবকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে কিংস ছেড়ে মোহামেডানে যোগ দেওয়া ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জানান, পেশাদার ফুটবল জীবনের তাগিদেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। অতীত সাফল্য পেছনে ফেলে এখন মোহামেডানের হয়ে সম্ভাব্য সবকটি শিরোপা জেতাই তাদের প্রধান লক্ষ্য।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











