পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়র্ক কসমসে যাচ্ছেন শমিত শোম!
কানাডিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর দীর্ঘদিন ক্লাব ফুটবলের বাইরে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত শোম। ক্লাবহীন থাকা এই ফুটবলারের নতুন ঠিকানা নিয়ে ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন তৈরি হয়েছে। গুঞ্জন সত্যি হলে ফুটবল সম্রাট পেলে এবং ডার কাইজার খ্যাত ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সাবেক ক্লাব যুক্তরাষ্ট্রের ‘নিউ ইয়র্ক কসমস’-এ যোগ দিতে যাচ্ছেন তিনি।
গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের বর্ণিল সম্পর্কের ইতি টানেন শমিত। ২০২৬ সালের নতুন ফুটবল মৌসুম শুরু হওয়ার আগেই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তাঁর বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকেই নতুন ঠিকানার খোঁজে ছিলেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
বর্তমানে আমেরিকার পেশাদার ফুটবল কাঠামোর তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বখ্যাত ক্লাব নিউ ইয়র্ক কসমস। ইতিহাসপ্রসিদ্ধ এই ক্লাবে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খেলেছেন ফুটবলের রাজা পেলে। পরবর্তীতে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও নাম লিখিয়েছিলেন ঐতিহ্যবাহী এই ক্লাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে শমিতের নিউ ইয়র্ক কসমসে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হলেও খেলোয়াড় বা ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আন্তর্জাতিক ফুটবলে শমিতের ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়। প্রাথমিক পর্যায়ে তিনি কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেন। পরবর্তীতে নাড়ির টানে বাবা-মায়ের জন্মভূমি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এবং লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।
গত বছরের জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তাঁর। অভিষেকের চার মাস পর এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন শমিত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











