অস্ট্রেলিয়া টেস্টের আগে লিটনের ফিটনেস নিয়ে আশার আলো, স্বস্তিতে বাংলাদেশ দল

১১ আগস্ট ২০২৬ - ১৭:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়া টেস্টের আগে লিটনের ফিটনেস নিয়ে আশার আলো, স্বস্তিতে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলে স্বস্তির বার্তা দিচ্ছে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের ফিটনেস আপডেট। চোট কাটিয়ে ওঠা লিটনকে অনুশীলনে বেশ স্বাভাবিক ও স্বচ্ছন্দ দেখা গেছে।

​দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার জানিয়েছেন, লিটনের শরীরের মুভমেন্ট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। চোটের কারণে এই সফরের শুরুতে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। প্রথম দফায় ডারউইন টেস্টের দলে না রাখা হলেও, চোটের উন্নতি দেখে পরবর্তীতে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। যদিও প্রথম টেস্টের একাদশে তার থাকা না থাকা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে মাঠে তার সক্রিয় উপস্থিতি দলকে আশাবাদী করছে।

​অনুশীলন চলাকালে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলার পাশাপাশি স্লিপ ক্যাচিং সেশনের সময় কিপিংও করতে দেখা গেছে তাকে। লিটনের অগ্রগতি প্রসঙ্গে আশিক মজুমদার বলেন, “লিটন স্লিপ ক্যাচ প্র্যাকটিসের সময় কিপিং করছিল। তার মুভমেন্ট অনেক ভালো।”

​এদিকে, ডারউইনের কন্ডিশনের সঙ্গে টাইগারদের মানিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে মন্তব্য করেন আশিক। দ্রুত অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলায় ক্রিকেটাররা সেখানকার পরিবেশের সঙ্গে দ্রুত অভ্যস্ত হতে পেরেছেন।

​কন্ডিশন নিয়ে ফিল্ডিং কোচ বলেন, “একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় অনেক ভালো হয়েছে। প্র্যাকটিস ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে, ভালো ক্যাচ ধরেছে। পৃথিবীর যেকোনো জায়গাতেই যত দ্রুত মানিয়ে নিতে পারব ততই ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং প্রায় ৯০ শতাংশ মানিয়ে নেওয়া হয়ে গেছে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0