অনবদ্য পারফরম্যান্সে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'

১১ আগস্ট ২০২৬ - ১৪:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অনবদ্য পারফরম্যান্সে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'
ছবি সংগৃহীত

ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইউরোপের শীর্ষ গোলদাতার মর্যাদাপূর্ণ স্মারক ‘গোল্ডেন শু’ আবারও বায়ার্ন মিউনিখের ঘরে ফিরছে। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের ঘরোয়া লিগগুলোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা নিজের নামে করলেন তিনি।

​এর আগে ২০২৪ সালেও বায়ার্ন মিউনিখের হয়ে এই ট্রফি অর্জন করেছিলেন কেইন। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট বায়ার্ন মিউজিয়ামে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইংলিশ তারকার হাতে গোল্ডেন শু তুলে দেওয়া হবে।

​এ অর্জনের মাধ্যমে একাধিকবার ইউরোপীয় গোল্ডেন শু জয়ী ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় প্রবেশ করলেন তিনি। এই তালিকায় তার চেয়ে বেশি ট্রফি জয়ের কৃতিত্ব কেবল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর।

​গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল ইংল্যান্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫টি ম্যাচ খেলেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। সেখানে তিনি ৭৩টি গোল করার পাশাপাশি ৮টি গোলে সরাসরি সহায়তা করেন। একবিংশ শতাব্দীতে এক মৌসুমে একক ফুটবলার হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোলের নজির। ২০১১-১২ মৌসুমে রেকর্ড গড়া পারফরম্যান্স নিয়ে কেবল লিওনেল মেসিই এই তালিকায় তার উপরে অবস্থান করছেন।

​জার্মান বুন্দেসলিগায় টানা তিন মৌসুম শীর্ষ গোলদাতার খেতাব ধরে রাখার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন কেইন। এছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার রেকর্ডও গড়েছেন তিনি।

​আন্তর্জাতিক ফুটবলেও অধিনায়ক হিসেবে উজ্জ্বল ছিলেন কেইন। বিশ্বকাপের বাছাইপর্ব ও মূল পর্বে নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ১৯৬৬ সালের পর বিশ্বমঞ্চে ইংল্যান্ড দলকে সেরা সাফল্য এনে দেন তিনি। এর মাধ্যমে ইংলিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন বিশ্বকাপ আসরেও সেরা ব্রিটিশ ফুটবলার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0