যুদ্ধের ক্ষত মুছে ফিলিস্তিনে ফিরছে ফুটবল: সেপ্টেম্বরে শুরু ‘এক হাজার শহীদের কাপ’

১১ আগস্ট ২০২৬ - ১৪:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুদ্ধের ক্ষত মুছে ফিলিস্তিনে ফিরছে ফুটবল: সেপ্টেম্বরে শুরু ‘এক হাজার শহীদের কাপ’
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত আগ্রাসন ও গাজা সংঘাতের মুখে টানা তিন বছর বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়াচ্ছে ফিলিস্তিনের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। আগামী সেপ্টেম্বরের শুরুতেই দীর্ঘ বিরতি কাটিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবল চালুর সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

​চলতি যুদ্ধে প্রাণ হারানো ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ফুটবলারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ‘কাপ অব আ থাউজেন্ড মার্টিয়ার্স’ বা ‘এক হাজার শহীদের কাপ’। রামাল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএফএ প্রধান জিবরিল রাজুব নিশ্চিত করেন যে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে খেলাধুলা ও মূল চ্যাম্পিয়নশিপ পুনরারম্ভ করা হচ্ছে।

​ঐতিহাসিক এই টুর্নামেন্টে মোট ২২৬টি ক্লাব অংশ গ্রহণ করবে। যার মধ্যে ইসরায়েলি দখলদারিত্বে থাকা পশ্চিম তীরের ১৪৬টি, গাজা উপত্যকার ৪৪টি এবং লেবাননে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ৩৬টি দল যুক্ত হচ্ছে। তিনটি পৃথক অঞ্চলে একই সঙ্গে তিনটি উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। ফয়সাল আল-হুসাইনি স্টেডিয়ামে জাবাল আল-মুকাবের মোকাবেলা করবে ট্রাইব অব খলিল। গাজায় শাবাব রাফাহ মাঠে নামবে খাদামাত রাফাহর বিপক্ষে এবং লেবাননের আইন আল-হিলওয়ে ক্যাম্পে আল-আনসার মুখোমুখি হবে আল-নাহদার।

​পিএফএ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে হামলা তীব্র রূপ নিলে আবাসিক এলাকা ও হাসপাতালের পাশাপাশি দেশের অধিকাংশ ফুটবল মাঠ ও ক্রীড়া অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়, ফলে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করা এই পরিস্থিতিতে খেলা বন্ধ রাখা ছাড়া বিকল্প ছিল না।

​বর্তমানে তীব্র আর্থিক সংকটে পড়া ফিলিস্তিনি ফুটবল সংস্থা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাসহ বৈশ্বিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে আর্থিক অনুদানের আবেদন জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি দখলদারিত্বের অধীনে থাকা অবৈধ বসতিভিত্তিক ক্লাবগুলোর বিষয়ে ফিফার নিরপেক্ষ নীতি প্রয়োগেরও দাবি তুলেছেন তারা। প্রীতি ম্যাচ ও এশিয়ান গেমসের প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান সংহত করতে চায় ফিলিস্তিনি জাতীয় ফুটবল দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0