কেন ভারতীয় দলের প্রধান কোচের প্রস্তাব ফিরিয়েছিলেন লক্ষ্মণ, রহস্য উন্মোচন
রাহুল দ্রাবিড় ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর সেই দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সাবেক তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরবর্তীতে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি এক সাক্ষাৎকারে লক্ষ্মণ নিজেই প্রকাশ করেছেন কেন তিনি এই দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত ছিলেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পরপরই প্রথমবার লক্ষ্মণকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। লক্ষ্মণ জানান, তিনি বিসিসিআইয়ের তত্কালীন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জয় শাহ ও দেবজিৎসহ বোর্ডের দায়িত্বশীলদের বিষয়টি একাধিকবার বুঝিয়ে বলেছিলেন এবং তারা তা সাদরে গ্রহণ করেছিলেন। ফলে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ই কোচের দায়িত্ব পালন করে যান।
পরবর্তীতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ)—যার বর্তমান নাম ‘সেন্টার অব এক্সেলেন্স’—তার দায়িত্ব গ্রহণ করেন লক্ষ্মণ। প্রধান কোচ না হলেও দ্রাবিড় বা গম্ভীরের অনুপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করেছেন তিনি। সম্প্রতি তার অধীনেই জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত।
নির্বাচক প্রধান হওয়া বা দায়িত্ব ছাড়ার নানা গুঞ্জনের মধ্যে লক্ষ্মণ স্পষ্ট করেছেন, তিনি সেন্টার অব এক্সেলেন্সের সাথে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন। আগামী দুই বছরে একটি মজবুত ও সুনির্দিষ্ট সিস্টেম তৈরি করে দিয়ে তবেই তিনি তার দায়িত্ব ছাড়ার পরিকল্পনা করছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











