আইসিসির মাসসেরার দৌড়ে প্রথমবার তানজিদ হাসান: লড়াইয়ে ব্রুক ও গ্রিভস
জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে সদ্য শেষ হওয়া জুলাই মাসটি দুর্দান্ত কাটিয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে মনোনীত হয়েছেন তিনি। তবে সম্মানজনক এই স্বীকৃতি পেতে তানজিদকে টেক্কা দিতে হবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে।
জুলাই মাসে আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থ' খেতাবের জন্য এই তিন তারকাকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে তানজিদের ব্যাট ছিল বেশ সাবলীল। দুই সংস্করণেই তিনি ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮৯.৮৩ স্ট্রাইক রেট ও ৫৩ গড়ে বাঁহাতি এই ওপেনার করেন ১৫৯ রান। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ছন্দ ধরে রেখে ৭০ গড়ে ঝুলিতে পুরেন ১৪০ রান, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১২৭.২৭।
অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জুলাইয়ে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে উজ্জ্বল পারফরম্যান্স দেখান। ভারতকে পরাজিত করার পেছনে ব্রুকের ব্যাট ছিল মূল শক্তিমত্তা। পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ১১৪.৫০ গড় এবং ২১৪.০১ স্ট্রাইক রেটে তিনি তুলে নেন সর্বোচ্চ ২২৯ রান, যার মাধ্যমে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। এ ছাড়া ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে ১১৪.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৩২ রান।
ক্যারিবিয়ান অলরাউন্ডার জাস্টিন গ্রিভস অলরাউন্ড নৈপূণ্যে জুলাই মাস স্মরণীয় করে রেখেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের ইনিংস খেলে দলকে ড্র এনে দেন তিনি, যার ওপর ভর করে শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। পরে পাকিস্তানের বিপক্ষে তাউরোবা টেস্টে চমৎকার বোলিং করেন গ্রিভস। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১২ রানে ২ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দেন। দুই টেস্টে ৭১.৬৬ গড়ে ২১৫ রান করার পাশাপাশি মাত্র ১০.২৫ গড়ে নেন ৮টি উইকেট। একই মাসে দুটি ওয়ানডেতেও মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











