মালয়েশিয়াকে গুঁড়িয়ে ৮৯ রানের বড় জয় পেল বাংলাদেশ এইচপি দল
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারী মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুই স্পিনার রাকিবুল হাসান ও রুবেল হাসানের দুর্দান্ত ঘূর্ণি বোলিং এবং এস এম মেহেরবের ঝোড়ো ব্যাটিংয়ে একপেশে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
শনিবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি ১৫৮ রান সংগ্রহ করে। ১৫৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশি বংশোদ্ভূত ওপেনার নাজমুস সাকিবকে ফেরান পেসার আবু হায়দার রনি। দ্বিতীয় ওভারে অন্য ওপেনার আসলাম খানকে সাজঘরে পাঠান অফস্পিনার রুবেল হাসান। এরপর দুই স্পিনার রুবেল ও রাকিবুল হাসানের বোলিং তোপে পড়ে মাত্র ১৬ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। সফরকারীদের হয়ে আহমেদ আকিল ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া মোহাম্মদ আমির ১৫ এবং বিজয় উন্নি ১৪ রান যোগ করেন।
বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুবেল হাসান, যিনি ৩ ওভারে ৬ রান দিয়ে ২টি উইকেট নেন। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২ ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এছাড়া আবু হায়দার রনি, আব্দুল গাফফার সাকলাইন, মেহরাব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট পান।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জিশান আলমের (০) উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। টপ অর্ডারে জাওয়াদ আবরার ১৮ বলে ২৮ রান করলেও আরিফুল ইসলাম (১৫), সাব্বির রহমান (১৪) ও প্রীতম কুমার (৪) দ্রুত বিদায় নেন। তবে মিডল অর্ডারে পাল্টা আক্রমণ চালান এস এম মেহেরব ও আবদুল গফফার সাকলাইন। মেহেরব মাত্র ২২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। সাকলাইন ২৬ বলে করেন ৩২ রান। মালয়েশিয়ার বোলারদের মধ্যে বিজয় উন্নি ৩টি এবং শারভিন মুনিয়ান্দি ও সৈয়দ জুনাইদ খান ২টি করে উইকেট লাভ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











