ডারউইনে ব্যাটিং বিপর্যয়: অজি একাদশের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

০৮ আগস্ট ২০২৬ - ০৯:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডারউইনে ব্যাটিং বিপর্যয়: অজি একাদশের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয়ে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে লড়াইয়ের পুজি পেলেও, দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলআউট হয়ে যায় মাত্র ৫৪ রানে।

​ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে এক প্রান্ত আগলে রেখে ১৪১ বলে ১০৯ রানের দারুণ এক অপরাজিত ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৭ ও সাদমান ইসলাম ৩১ রান করেন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে কোরি রকিচোলি ৮৩ রানে ৬টি উইকেট নেন।

​জবাবে ব্যাট করতে নেমে টিগ উইলির ১৩০ রান এবং জ্যাক ডোরানের ৭৬ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে তারা ৯২ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। বাংলাদেশের হয়ে বল হাতে হাসান মাহমুদ ৪২ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও মিরাজ দুটি করে উইকেট পান।

​দ্বিতীয় ইনিংসে ৯২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে অস্ট্রেলীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ক্যাম্পবেল থম্পসনের তোপের মুখে পড়ে মাত্র ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। থম্পসন ১১ ওভার বোলিং করে মাত্র ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৮টি উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। স্বাগতিকদের পক্ষে বাকি দুটি উইকেট শিকার করেন রকিচোলি। প্রথম ইনিংসের ব্যাটিং পারফরম্যান্স ছাড়া পুরো ম্যাচজুড়েই ব্যাকফুটে ছিল বাংলাদেশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0