আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের দাফন দিল্লিতে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, এই দলটির আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং শিগগিরই দল হিসেবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, জুলাই মাসে ভয়াবহ গণহত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার মতো ঘটনা ঘটানোর পরেও শেখ হাসিনার মনে কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে নানা ধরনের বিষোদগার করছেন। পাশাপাশি দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা এখনও উসকানি ছড়াচ্ছেন বলে তিনি দাবি করেন।
সালাহ উদ্দিন আহমদ জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা অর্জনে বর্তমান সরকারকে সময় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।
নিজের ও প্রধান অতিথির ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি নিজে দেশের বাইরে নির্বাসিত ছিলেন। তবে এই নির্বাসন আন্দোলনের সফলতায় ভূমিকা রেখেছে। কারণ তারা পর্দার অন্তরালে থেকে শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছেন। তিনি জানান, আন্দোলনের দিনগুলোতে তারেক রহমানের সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনার মাধ্যমে দলকে সংগঠিত করা হয়েছিল।
একই সঙ্গে জুলাইয়ের চেতনা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা বা ব্যবসা করার সুযোগ নেই বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতীতে যেকোনো চেতনা নিয়ে ব্যবসা দেশের জন্য কল্যাণকর হয়নি। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। পরিশেষে, পতিত স্বৈরাচারের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











