ইরানের সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিনের অংশগ্রহণ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি এই শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে স্পিকার প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা হস্তান্তর করেন। পরে স্পিকার সেখানে রক্ষিত শোকবইতে স্বাক্ষর করেন।
এর আগে, ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। উল্লেখ্য, গতকাল শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
বৈঠকে স্পিকার ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি পুনরুল্লেখ করেন। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসাও করেন তিনি। স্পিকার আশা প্রকাশ করেন, এই চুক্তি ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা আনবে এবং বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে থাকবে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সফরকালে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও একটি বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং খেলাধুলার প্রসারে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ দেখান। স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
সবশেষে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











