শাহজালালে নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়া নভোএয়ারের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটে অন্য যাত্রীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরও অবস্থান করছিলেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নভোএয়ার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিট পরই পাইলট যান্ত্রিক গোলযোগ টের পান। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার (চাকা) স্বাভাবিক নিয়মে ওপরে উঠছিল না। উদ্ভূত পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের বিকল্প ফ্লাইটে দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিকে মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির এই ঘটনায় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ফ্লাইটের অন্যতম যাত্রী তানবিরুল মিরাজ রিপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ঢাকার কাজ শেষে তিনি নভোএয়ারের সাড়ে ৬টার ফ্লাইটে কক্সবাজার ফিরছিলেন। যথাসময়ে উড্ডয়ন করলেও ৩০-৪০ মিনিটের মাথায় তীব্র বিকট শব্দ শোনা যায় এবং ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করায় ফ্লাইটটি জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











