দেশে ৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানা গঠনের অনুমোদন দিল সরকার

০১ জুলাই ২০২৬ - ১৫:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানা গঠনের অনুমোদন দিল সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা আরও গতিশীল করতে দেশে নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত নতুন উপজেলাগুলো হলো— চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া চট্টগ্রাম জেলায় ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’-এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

​হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের বৈঠকে এই নতুন প্রশাসনিক ইউনিটগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাঞ্চল নতুন শহর’ প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​নিকারের গৃহীত প্রস্তাবনা অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নকে পৃথক করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামের নতুন থানাটি গঠন করা হয়।

​১২১তম এই গুরুত্বপূর্ণ নিকার বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0