ইরানের সাথে আলোচনা সোমবার, চুক্তির কোনো সময়সীমা নির্ধারণ করেননি ট্রাম্প
ইরানের সাথে নতুন করে কূটনৈতিক আলোচনা সোমবার (৩ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য কোনো সমঝোতা বা চুক্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং তেহরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার পরপরই এই উদ্যোগের কথা সামনে এলো।
নিউ জার্সিতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফেরার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, সোমবার দুপুর থেকে ইরানের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। তবে এই আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে কিংবা এতে কারা অংশ নেবেন—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
ইরানের সঙ্গে চুক্তির জন্য কোনো সময়সীমা বাঁধা হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, "আমি কি চুক্তি করতে চাই? আমি মানুষ হত্যা করতে চাই না। যুদ্ধ হলে অনেক মানুষ মারা যায়, যা আমরা কেউ চাই না।"
এর আগে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কিছুটা সময় চেয়েছে। ওই সমঝোতার মাধ্যমে অবিলম্বে ও পুরোপুরি হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে বলে তিনি উল্লেখ করেন। তবে শর্ত হিসেবে তেহরানকে অতি দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিশ্বজুড়ে সরবরাহ করা জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কিন্তু চলমান সংঘাতের কারণে প্রণালীটি প্রায় বন্ধ হয়ে থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতি উসকে দিয়েছে। এ অবস্থায় মার্কিন প্রশাসনে এই সংঘাত দ্রুত সমাধানের রাজনৈতিক চাপ জোরালো হচ্ছে।
এদিকে, ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব ও পাকিস্তানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











