ইতালির নেপলসে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ট্রেন সেবা ব্যাহত ও বিদ্যুৎ বিভ্রাট
দক্ষিণ ইতালির নেপলস শহরের কাছে 'কাম্পি ফ্লেগ্রেই' আগ্নেয়গিরি-সংলগ্ন অঞ্চলে ৪.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে সংঘটিত এই কম্পনে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি রেল ও মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে কিছু ভবনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে অবস্থিত কাম্পি ফ্লেগ্রেই এলাকা, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ কিলোমিটার গভীরে অবস্থিত। ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে রেকর্ড করা শক্তিশালী কম্পনগুলোর মধ্যে এটি অন্যতম। হঠাৎ তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, কিছু ভবনে সামান্য ক্ষয়ক্ষতির চিহ্ন থাকলেও জরুরি উদ্ধার বা সহায়তার জন্য তাদের কাছে তাৎক্ষণিক কোনো বার্তা আসেনি। তবে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্থানীয় রেল ও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, ঘনবসতিপূর্ণ 'কাম্পি ফ্লেগ্রেই' হলো একটি আগ্নেয়গিরিজাত গহ্বর বা ক্যালডেরা। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে ভূকম্পন পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের তরফ থেকে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। ইতালি একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে ২০১৬ সালে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা এক ধারাবাহিক ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। এছাড়া ১৯৮০ সালের নভেম্বরে দক্ষিণ ইতালির ইরপিনিয়ায় ৬.৯ মাত্রার এক স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২,৭০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











