লোহিত সাগরে নৌপথ সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সামুদ্রিক জোট
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এই জোটভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি রাষ্ট্র। আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ লাইন স্বাভাবিক ও সুরক্ষিত রাখাই এই সামুদ্রিক জোটের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার সৌদি রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। উক্ত বৈঠকে ৫১টি দেশ ও একাধিক আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে ৪৩টি রাষ্ট্রের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি দল উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ১৪টি দেশ ইতোমধ্যেই জোটে যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সই ও সমর্থন জানিয়েছে, আর বেশ কয়েকটি দেশ যুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোটের ১৪টি সদস্য দেশ হলো— সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন। সম্মিলিত বিবৃতিতে উল্লেখ করা হয়, বাব আল-মান্দাব প্রণালি ও তৎসংলগ্ন নৌপথে সদস্য দেশগুলোর যৌথ সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং অবাধ নৌচলাচল নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করবে এই জোট।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে চলাচলকারী সৌদি তেলবাহী জাহাজ এবং দেশটির একাধিক জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোর দাবি করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণাও দেয় তারা। মূলত এই নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতেই রিয়াদ দ্রুত পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক এই জোট গঠন করল। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এই নৌপথটি রক্ষা করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্যও অন্যতম বড় চ্যালেঞ্জ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











