তাইওয়ান ও রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক নীতির তোপ দাগল উত্তর কোরিয়া

০৭ অক্টোবর ২০২৬ - ১৬:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তাইওয়ান ও রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক নীতির তোপ দাগল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালি এলাকায় সামরিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

​আঞ্চলিক উত্তেজনার অভিযোগ

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে পিয়ংইয়ং তাদের এই উদ্বেগের কথা জানায়। দেশটির আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিঅং চোলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাইওয়ানে আমেরিকার তৈরি যুদ্ধবিমান মোতায়েনের পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। তিনি সতর্ক করে বলেন, তাইওয়ানের সুরক্ষার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকিতে জড়াতে প্রস্তুত কি না, ওয়াশিংটনের তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

​উল্লেখ্য, ২০১৯ সালে বায়না করা ৬৬টি নতুন এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম চালানে সম্প্রতি দুটি বিমান হাতে পেয়েছে তাইওয়ান। চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির আবহেই তাইওয়ান সরকার এই যুদ্ধবিমানগুলো গ্রহণ করে।

​চীন ও রাশিয়ার প্রতি সমর্থন

তাইওয়ানকে বেইজিং নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসলেও তাইওয়ান সরকার শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে। তাইওয়ান প্রশ্নে উত্তর কোরিয়ার এই অবস্থান বেইজিংয়ের প্রতি তাদের রাজনৈতিক সংহতিরই বহিঃপ্রকাশ। এর আগে গত জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়া সফরকালে পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতা কিম জং উন বেইজিংয়ের ‘এক চীন’ নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।

​এদিকে বেইজিংয়ের পাশাপাশি মস্কোর সঙ্গেও নিজেদের সামরিক ও কৌশলগত বন্ধন মজবুত করছে পিয়ংইয়ং। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে উত্তর কোরিয়ার সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন কিম জং উন। তিনি আশা প্রকাশ করেন, নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় রাশিয়া যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা বিজয়ের মধ্য দিয়েই সমাপ্ত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0