বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এই বার্তা দেওয়া হয়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় অবস্থান করছে। ইতিমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি এলাকা থেকেও এটি পুরোপুরি বিদায় নিতে পারে।
পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি:
বুধবার (৭ অক্টোবর): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর): বৃষ্টিপাতের পরিধি বৃদ্ধি পেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (১০ অক্টোবর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (১১ অক্টোবর): চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











