অধিকৃত পশ্চিম তীরে এএফপির ফটোসাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার সংবাদ ও ছবি তুলতে গিয়ে শারীরিক হামলার শিকার হয়েছেন আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির এক ফটোসাংবাদিক। ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি সত্ত্বেও তাঁর ওপর এই হামলা চালানো হয় বলে জানা গেছে। আহত সংবাদকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত ওই আলোকচিত্রী সাংবাদিকের নাম জাফার আশতিয়েহ (৫৮)। তিনি দীর্ঘ দিন ধরে ফিলিস্তিন অঞ্চলে এএফপির হয়ে দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শী, তাঁর স্বজন ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, হামলায় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লেগেছে।
ঘটনার সময় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় আকরাবা গ্রামের কাছে ফিলিস্তিনি কৃষকেরা জলপাই সংগ্রহ করছিলেন। সেখানে জাফার আশতিয়েহ এবং এএফপির অপর ফটোসাংবাদিক জন ওয়েসেলস পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাঁরা লক্ষ্য করেন, এক ইসরায়েলি সেনাসদস্য স্থানীয় এক ফিলিস্তিনিকে আটকে রেখেছেন।
অস্ত্রধারীদের হামলা ও গুলিবর্ষণ
এর কিছু পরেই একটি কোয়াড বাইকে করে আসা এক ব্যক্তি সাংবাদিকদের দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়েন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ওই গুলিতে এক ফিলিস্তিনির পায়ে আঘাত লাগে এবং পরবর্তীতে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তী সময়ে আরও অন্তত ছয়জন সশস্ত্র ব্যক্তি এসে সাংবাদিকদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। সে মুহূর্তে আশতিয়েহ স্পষ্টভাবে ‘প্রেস’ (PRESS) লেখা নিজেদের গাড়িতে ওঠার চেষ্টা করলে দুজন বসতি স্থাপনকারী তাঁর ওপর চড়াও হন এবং রাইফেলে বাঁট দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন।
এএফপির ফটোসাংবাদিক জন ওয়েসেলস জানান, পুরো তাণ্ডব চলাকালে দুর্ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরে প্রায় এক ডজন ইসরায়েলি সেনাসদস্য দাঁড়িয়ে ছিলেন। তাঁদের উপস্থিতিতেই আশতিয়েহর ওপর এই মারধর ও হামলা চালানো হয়।
উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে প্রতিবছর জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জলপাই চাষ ফিলিস্তিনের গ্রামীণ অর্থনীতির অন্যতম মূল উৎস। আগামী ইসরায়েলি নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এই অঞ্চলে সশস্ত্র বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ আরও বৃদ্ধি পেয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











