ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২০ কিলোমিটার।
এদিকে ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎপত্তিস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরে অবস্থিত তেরনাতে শহরের বাসিন্দা উমর আব্বাস বার্তা সংস্থা এএফপিকে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, "আমি রাস্তার পাশের একটি কফির দোকানে বসে কফি খাচ্ছিলাম। হঠাৎ আমার চেয়ার দুলতে শুরু করে। আগের ভূমিকম্পগুলোর আতঙ্ক এখনও কাটেনি। তাই মুহূর্তের জন্য আমি ভীষণ ভয় পেয়ে যাই।"
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূলে কোনো সুনামির আশঙ্কা নেই। ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি তীব্র ভূকম্পনপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হওয়ায় এখানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











