ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, কথা না শুনলে ওমানে হামলার হুমকি

১৮ আগস্ট ২০২৬ - ০৮:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, কথা না শুনলে ওমানে হামলার হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত কোনো চুক্তিতে রাজি হবে না তেহরান। এ অবস্থায় ইরানকে আত্ম সমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালী ইস্যুর আলোচনা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি ও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

​সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, "আমরা যে ধরণের সমঝোতা বা চুক্তি প্রয়োজন বলে মনে করছি, ইরান তা করতে যাচ্ছে না। তবে আমাদের অবস্থান পরিষ্কার—কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না।" ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি "না" উত্তর দেন।

​এর আগে ট্রাম্প এক ফক্স নিউজ প্রতিনিধিকে সাক্ষাৎকার দেওয়ার সময় মন্তব্য করেন, ইরান এবং তার নেতৃত্বাধীন বাহিনীর উচিত "শ্বেতপতাকা তুলে আত্মসমর্পণ করা।"

​অন্যদিকে, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালী' দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে আলাদাভাবে মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছে ওমান। এ প্রসঙ্গে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে বলেন, "যদি ওমান আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ করব।"

​পরবর্তীতে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য ট্রাম্প কিছুটা সুর নরম করে বলেন, ওমানের ওপর থেকে তার ধৈর্য শেষ হয়ে যায়নি। তারা যথাযথ আচরণ করছে না বলে মনে করলেও অন্যান্য বিষয়ের মতোই এই পরিস্থিতিও যুক্তরাষ্ট্র সহজে সামলে নেবে।

​উল্লেখ্য, গত জুন মাসে দু'পক্ষের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকে বৈরিতা নিরসনে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সোমবার সেই সময়সীমা পূর্ণ হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সমাধান মেলেনি। হরমুজ প্রণালীর অচল অবস্থা ঘিরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মুখে এ যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।

সুত্র: রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0