তারাপীঠে পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ড: অন্তত ৬ পুণ্যার্থীর করুণ মৃত্যু, আহত একাধিক

১৭ আগস্ট ২০২৬ - ১১:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তারাপীঠে পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ড: অন্তত ৬ পুণ্যার্থীর করুণ মৃত্যু, আহত একাধিক
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বিখ্যাত তারাপীঠ মন্দির এলাকায় একটি পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

​বীরভূম জেলার রামপুরহাট শহরের তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ নামের হোটেলটিতে ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। হোটেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, বিদ্যুৎ সরবরাহের এনসিবি ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় আবাসিকদের বড় একটি অংশ ঘুমে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

​হোটেল মালিক কল্যাণ পাল জানান, অগ্নিকাণ্ড শনাক্তের পর নৈশপ্রহরীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে সাজসজ্জায় ব্যবহৃত ফাইবার জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রত ছড়িয়ে পড়ে। বের হওয়ার মুখে রিসেপশনের দিকে আগুন ও ঘন ধোঁয়া থাকায় অনেক আবাসিক আটকে পড়েন এবং দগ্ধ হন। অনেকে প্রাণ বাঁচাতে ওপর থেকে জিনিসপত্র নিচে ফেলতে শুরু করেন।

​উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা তপনজ্যোতি মণ্ডল জানান, আগুন দেখে তিনি পরিবারসহ ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাকে, তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে। দুর্ঘটনায় তার মা ও বোন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ এবং দমকলের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেল থেকে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়। পবিত্র শ্রাবণ মাস উপলক্ষ্যে মালদহ ও আলিপুরদুয়ারসহ বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা সেখানে এসেছিলেন। পুলিশ ও দমকল বাহিনী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0