সিরিয়া ও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক হামলা, ক্ষয়ক্ষতির আশঙ্কা
মধ্যপ্রাচ্যের বিরাজমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার একাধিক অঞ্চলে একযোগে সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সংঘটিত এ হামলার বিষয়ে তথ্য নিশ্চিত করেছে লেবানন ও সিরিয়ার একাধিক গণমাধ্যম। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা হুলা অঞ্চলে সরাসরি হামলা চালানোর পাশাপাশি টাইর জেলার ওয়াদি আদশিত আল-কুসাইর ও মানসুরি শহরে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করেছে। এছাড়া আল-মানার সংবাদমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকার সীমান্ত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই এলাকায় একটি সামরিক হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। লেবাননভিত্তিক সংবাদমাধ্যমটির অভিযোগ, হামলায় ফসফরাস শেলসহ কিছু নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরের কৃষিজমিতেও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে স্থানীয় ফসলি জমিতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে, যা ওই এলাকার অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সার্বিক পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সাথে যেকোনো ধরনের সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন হিজবুল্লাহপ্রধান শেখ নাইম কাসেম। এই প্রক্রিয়াকে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার শামিল আখ্যা দিয়ে তিনি লেবানন সরকারকে এসব আলোচনা থেকে সরে আসার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











