হরমুজ প্রণালীতে নৌ-চলাচল হ্রাস: যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিমুখী দাবিতে উত্তেজনা
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দাবি ও তীব্র উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক গড়ের তুলনায় কমে গেছে।
শিপিং তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ (Kpler)-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি আগস্ট মাসে প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে প্রায় ১২টি বাণিজ্যিক জাহাজ চলাচল করলেও গত সপ্তাহের শেষের দিকে তা উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে বৃহস্পতিবার এটি সামান্য বেড়ে ৯টিতে পৌঁছায়, যা তার আগের দিনের ৫টির চেয়ে কিছুটা বেশি। বৃহস্পতিবার অতিক্রম করা ৯টি জাহাজের মধ্যে ৫টি পারস্য উপসাগরে প্রবেশ করে এবং ৪টি ওমান উপসাগরে বের হয়ে যায়। এর বেশিরভাগই ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করেছে।
পাল্টাপাল্টি দাবি ও নিরাপত্তা আতঙ্ক
ইরানের সামরিক সংগঠন বাসিস প্যরামিলিটারি ইউনিটের নবনিযুক্ত প্রধান বৃহস্পতিবার জানান যে, হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে একই দিন ওয়াশিংটন জানিয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য ইরানের ওপর নৌ-অবরোধ বহাল রাখতে পারে এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াবে।
এদিকে কৌশলগত এই নৌপথে জাহাজের নিরাপত্তা ঝুঁকি অব্যাহত রয়েছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC) নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তাদের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সংযুক্ত আরব আমিরাত ঘটনার জন্য ইরানকে অভিযুক্ত করেছে।
সংকটময় পরিস্থিতিতে অন্যান্য নৌপথের চিত্রে দেখা গেছে, বৃহস্পতিবার বাব আল-মানদেব প্রণালী দিয়ে ট্রান্সপন্ডার চালু রেখে ১৯টি পণ্যবাহী জাহাজ যাতায়াত করেছে, যা আগের দিনের ২০টির কাছাকাছি। তবে বেশ কিছু জাহাজ ট্র্যাকিং এড়াতে তাদের অবস্থান নির্দেশকারী ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করায় সেগুলো কেপলারের এই গণনায় অন্তর্ভুক্ত হয়নি।
সুত্র: রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











