গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশ প্রধান নিহত, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা

১৪ আগস্ট ২০২৬ - ০৯:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশ প্রধান নিহত, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা
ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর এক ড্রোন হামলায় সিভিল পুলিশ ফোর্সের প্রধান কর্নেল জামাল আবু কামিল (৪৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রশিদ সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হলে তিনি প্রাণ হারান। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

​ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, জামাল আবু কামিল হামাসের একজন কমান্ডার ছিলেন এবং নিরাপত্তা ঝুঁকি দূর করতেই এই হামলা চালানো হয়েছে। তবে এর সপক্ষে তারা কোনো প্রমাণ প্রকাশ করেনি। গাজার পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। পুলিশ বিভাগ জানায়, আবু কামিল কেবলই তাঁর পুলিশি দায়িত্ব পালন করতেন এবং অন্য কোনো কার্যক্রমের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। হামাস এই ঘটনাকে 'নৃশংস হত্যাকাণ্ড' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং গাজায় বিশৃঙ্খলা সৃষ্টিতেই এমন হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে।

​একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি মোটরবাইকে ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত ও একজন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। এখানেও একইভাবে ফিলিস্তিনি কমান্ডারকে লক্ষ্যবস্তু করার দাবি করে ইসরায়েল।

​এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফার গাজা শান্তি পরিকল্পনার অধীনে এক সপ্তাহ বিমান হামলা স্থগিত রাখার পর বুধবার থেকে ফের গাজায় বিমান আক্রমণ শুরু করে ইসরায়েল। তবে এই সাময়িক বিরতির সময়েও ইসরায়েলি স্থল হামলা বন্ধ ছিল না। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের অস্ত্র সমর্পণের কথা থাকলেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটি প্রত্যাখ্যান করেন এবং হামাস পুরোপুরি নিস্ত্র হওয়া ছাড়া সেনা সরাবেন না বলে সাফ জানিয়ে দেন।

​উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর নামমাত্র 'যুদ্ধবিরতি' কার্যকরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় ১,২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সুত্র: আল জাজিরা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0