ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভয়াবহ ভূমিধস: ৫ শ্রমিকের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত
ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বিকেলে পোহুওয়াতো রিজেন্সির হুলাওয়া গ্রামে অবস্থিত ওই খনিটিতে প্রতিদিনের মতো কাজ করছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন আকস্মিকভাবে পাশের একটি পাহাড়ের ঢাল ধসে পড়লে সেখানে কর্মরত শ্রমিকেরা মাটির নিচে আটকা পড়েন।
গোরোন্তালো পুলিশ প্রশাসনের মুখপাত্র মারুপা সাগালা জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচজন শ্রমিকই নিকটবর্তী বোয়ালেমো রিজেন্সির স্থায়ী বাসিন্দা ছিলেন। উদ্ধারকারী দল ইতিমধ্যে তাদের মরদেহ উদ্ধার করেছে এবং লাশগুলো স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রাথমিক তথ্যে একজনকে জীবিত উদ্ধারের বিষয়টি জানা গেলেও মাটির নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবারও দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবার সদস্যরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











