ইউক্রেনে রাশিয়ার রাতভর ভয়াবহ হামলা: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ, নিহত অন্তত ১২
ইউক্রেন জুড়ে রাশিয়ার রাতভর জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। কিয়েভ কর্তৃপক্ষের দাবি, এই সামরিক অভিযানে মস্কো উত্তর কোরিয়ার তৈরি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে জানান, রাশিয়া তাদের মিত্র দেশ উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান পরিমাণে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও সৈন্য সহায়তা পাচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইতিমধ্যেই ক্রেমলিনকে সশস্ত্র সমর্থনে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সরবরাহ করেছেন।
জেলেনস্কির মতে, ইউক্রেনের পেট্রিওট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের সংকটকে কাজে লাগিয়ে রাশিয়া আগ্রাসন বাড়াতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ স্তিমিত হয়ে যাওয়া এবং ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ও ইরান পরিস্থিতির দিকে নজর ঘোরানোর পর থেকে ইউক্রেনের এ সংকট আরও তীব্র হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি, উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং নতুন সেনা সমাবেশের প্রস্তুতি—রাশিয়ার এসব পদক্ষেপই প্রমাণ করে মস্কো শান্তির জন্য নয়, বরং যুদ্ধের তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতিক এ হামলায় সবচেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়া। সেখানে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৯ জন। জাপোরিজিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরোভের প্রকাশিত ছবিতে বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে।
জেলেনস্কি আরও উল্লেখ করেন, জাপোরিজিয়া শহরে উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বিমান বোমা দিয়ে আঘাত হানা হয়েছে। নাগরিক অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এই নৃশংস হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সুত্র: আল জাজিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











