মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সিরিয়ায় গৃহযুদ্ধকালীন সময়ে সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন আসাদের ভাই মাহের আল-আসাদ এবং তাঁদের আত্মীয় আতেফ নাজিব।
মঙ্গলবার দামেস্কের একটি আদালত আসামির অনুপস্থিতিতে বাশার আল-আসাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। আদালতের রায়ে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যা ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়। বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় নির্বাসিত অবস্থায় রয়েছেন।
একই রায়ে মাহের আল-আসাদকেও পরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনিও বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছরের জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করেছিল। রায় ঘোষণার সময় নাজিব কয়েদির পোশাক পরে আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার দেরা অঞ্চলে শুরু হওয়া আন্দোলন দমনে নাজিব মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যা পরবর্তীতে ব্যাপক গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধে রূপ নেয়। আদালতের তথ্য অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের পরিকল্পিতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটানোর মতো গুরুতর অপরাধের সঙ্গে নাজিব যুক্ত ছিলেন। প্রায় ২৪ বছর ক্ষমতায় থাকার পর, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে ব্যক্তিগত বিমানে দামেস্ক ছেড়ে পালিয়ে যান আসাদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











