কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানি বেড়ে অন্তত ২০

১০ আগস্ট ২০২৬ - ২৩:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানি বেড়ে অন্তত ২০
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়া কাঠামোর নিচে আরও অনেক মানুষ আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।

​পেরেইরা শহরের মেয়র মাউরিসিও সালাজার জানান, ভূমিকম্পের আঘাতে তার শহরেই অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং ভেঙে পড়া কাঠামোর ভেতরে একাধিক মানুষ আটকে রয়েছেন। পরবর্তীতে অন্যান্য এলাকা মিলিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে।

​যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৪ মাত্রার এই ভূকম্পনটির উপকেন্দ্র ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌর এলাকার কাছে। স্থানটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এর গভীরতা ছিল ভূগর্ভের প্রায় ১০৭ কিলোমিটার (৬৬ মাইল) গভীরে।

​ভূমিকম্পের ফলে তৈরি হওয়া আফটারশক বা পরবর্তী কম্পন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি। তিনি জানান, প্রাদেশিক রাজধানী কিবদোতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে উদ্ধারকাজ চালানোর পাশাপাশি পুরো পরিস্থিতির ক্ষয়ক্ষতি নিরূপণে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।

​চোকো ছাড়াও রাজধানী বোগোতাসহ পার্শ্ববর্তী ইকুয়েডর এবং ভেনেজুয়েলা পর্যন্ত এই ভূকম্পন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত মানুষ নিরাপত্তার আশায় খোলা জায়গায় নেমে আসেন। ভেঙে পড়া ধ্বংসস্তূপ থেকে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা।

​উল্লেখ্য, সম্প্রতি জুন মাসের শেষের দিকেও প্রতিবেশী ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছিল, যা লাতিন আমেরিকা জুড়ে বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধন করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0