ওমান উপকূলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৩৯০ বর্গকিলোমিটারে ছড়ালো তেল

১০ আগস্ট ২০২৬ - ১৯:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওমান উপকূলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৩৯০ বর্গকিলোমিটারে ছড়ালো তেল
ছবি: রয়টার্স

ওমান উপকূলে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা এবং রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাগরে ব্যাপক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ওমান সরকার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে নিশ্চিত হওয়া তেল ইতোমধ্যে সাগরের প্রায় ৩৯০ বর্গকিলোমিটার (১৫০ বর্গমাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

​দেশটির দক্ষিণাঞ্চলীয় ধোফার গভর্নরেটের হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। সোমবার ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানায়, উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী সাগরে ভাসমান তেলের আস্তরণটি দ্বীপের উত্তর-পূর্ব দিক থেকে মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে তেলের এই স্তরটি উপকূল থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থান করছে।

​‘ক্যারোলিন বেজেঙ্গি’ (Caroline Bezengi) নামের ২৭৪ মিটার দীর্ঘ এই তেলবাহী ট্যাঙ্কারটির ক্রুরা গত ৮ জুন ইয়েমেনের দক্ষিণ অঞ্চলের মুকাল্লা বন্দরের কাছে প্রথম যান্ত্রিক ও প্রযুক্তিগত বিপদের কথা জানান। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রাথমিক ধারণা অনুযায়ী, জাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ ঘটেছিল। এরপর ১১ জুন ইয়েমেন উপকূলের কাছে জাহাজটি থেকে সর্বশেষ স্বয়ংক্রিয় শনাক্তকরণ বার্তার (AIS) সংকেত পাওয়া যায়।

​শিপিং ডেটা পর্যালোচনায় দেখা যায়, যাত্রা শুরুর আগে জাহাজটিতে রাশিয়ার অপরিশোধিত তেল বোঝাই করা হয়েছিল। মূলত পশ্চিমা বিশ্ব কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যেসব পুরোনো ও দুর্বল রক্ষণাবেক্ষণের ট্যাঙ্কার ব্যবহার করে, এটি সেই ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ ছিল। ইইউ এবং যুক্তরাজ্য আগেই রাশিয়ার জ্বালানি পরিবহনে যুক্ত থাকার অভিযোগে এই ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

​সাগরে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণ ও পরিবেশগত ক্ষতি কমানোর চেষ্টা চালাচ্ছে ওমান কর্তৃপক্ষ। তবে জাহাজে বিস্ফোরণের মূল কারণ সম্পর্কে দেশটির সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0