কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা: একই পরিবারের শিশু ও তার দাদা-দাদির প্রাণহানি

০৯ আগস্ট ২০২৬ - ০১:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা: একই পরিবারের শিশু ও তার দাদা-দাদির প্রাণহানি
ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চল এবং প্রধান শহরে রাশিয়ার নতুন করে চালানো ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু এবং তার দাদা-দাদিসহ চারজন নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

​ইউক্রেনীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কিয়েভ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পুহিভকা গ্রামে রাশিয়ার ড্রোন হামলায় একটি বসতবাড়িতে আগুন ধরে যায়। এতে তিন বছর বয়সী এক শিশু এবং তার দাদা-দাদি ঘটনাস্থলেই প্রাণ হারান। একই ঘটনায় শিশুটির বাবা-মা, ১৫ বছর বয়সী ভাই এবং এক প্রতিবেশী আহত হন। এর পাশাপাশি কিয়েভ শহরের ভেতরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

​ইউক্রেনের বিমানবাহিনীর মতে, রাশিয়া রাতভর ৬টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫১টি ড্রোন নিক্ষেপ করে। প্রতিরক্ষাব্যবস্থা ১৩৫টি ড্রোন ধ্বংস করতে পারলেও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা মিসাইলের তীব্র ঘাটতির কারণে সাম্প্রতিক সময়ে অধিকাংশ আকাশপথের হামলা রোখা সম্ভব হচ্ছে না।

​রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

​এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনীয় বাহিনীও রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ অব্যাহত রেখেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, রাতভর অভিযানে রাশিয়ার ইলস্কি ও সিজরান তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যার ফলে উভয় স্থাপনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​আন্তর্জাতিক সফর ও চাপ সৃষ্টির আহ্বান

​সার্বিয়া সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ইউরোপ, আমেরিকা ও ইউক্রেন দীর্ঘদিন ধরেই এই যুদ্ধের অবসান চায়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ড্রোনের ওপর ভর করে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন। তাই রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন।

​উল্লেখ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইভানিভকা গ্রামটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে এ দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0