গুজরাটের একটি কুয়োয় রহস্যময় ঢেউ: কৌতুহলী মানুষের ভীড়,ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা

০৭ আগস্ট ২০২৬ - ১৬:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গুজরাটের একটি কুয়োয় রহস্যময় ঢেউ: কৌতুহলী মানুষের ভীড়,ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা
ছবি: সংগৃহীত

গুজরাটের মরবি জেলার বিরপাড়া গ্রামে একটি কৃষিজমির কুয়োর পানি অস্বাভাবিক কম্পন ও ঢেউ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গ্রামবাসীদের মতে, গত রবিবার ও সোমবার প্রথম কুয়োর পানিতে ক্রমাগত নড়াচড়া দেখা যায়। মঙ্গলবার সাময়িকভাবে এই প্রক্রিয়া বন্ধ থাকলেও বুধবার ও বৃহস্পতিবার ফের তা শুরু হয়।

​ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিরপাড়া ও আশপাশের এলাকা থেকে কৌতূহলী মানুষ কুয়োটি দেখতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা ছাড়াও নিকটবর্তী হাইওয়ে দিয়ে যাতায়াতকারী অনেক পথচারী ও যাত্রী গাড়ি থামিয়ে এই দৃশ্য দেখছেন। ফলে সাধারণ কৃষিজমির একটি কুয়ো বর্তমানে স্থানীয় পর্যটনকেন্দ্রের রূপ নিয়েছে।

​তবে বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে ভূকম্পনের কোনো সংযোগ নেই। মরবি জেলার ভূতত্ত্ববিদ জে এস ভাধের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূর্ণ হচ্ছে। ভূগর্ভের পাথরের ফাঁকা জায়গায় আটকে থাকা বাতাস বেরিয়ে আসার সময় পানির ওপর এমন বুদ্বুদ বা কম্পন তৈরি হতে পারে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও ভূগর্ভস্থ পানি-শিলাস্তরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া।

​এদিকে মরবির জেলা প্রশাসক স্বপ্নিল খারে জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে ইতোমধ্যেই গুজরাট সরকারকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ বিশদভাবে জানতে গান্ধীনগর থেকে বিশেষজ্ঞদের একটি বৈজ্ঞানিক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

​বিশেষজ্ঞরা মূল কারণ উদ্ঘাটনে পরীক্ষা- নিরীক্ষা চালিয়ে গেলেও, বিরপাড়ার এই কুয়োটি বর্তমানে সাধারণ মানুষের কাছে এক বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সুত্র : আজকাল

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0